, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 88%

তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তারের আদালত পুলিশের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি আদালত ও পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশের তথ্যমতে, ডেভিড ইমন ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, তাহসিন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মামলার নথি ও বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকায় প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যার অভিযোগে তার বাবা মো. মুসা বাদী হয়ে মামলা করেন। মামলায় সাজ্জাদ হোসেন, মোবারক হোসেন ইমনসহ পাঁচজনকে আসামি করা হয়।

এর আগে গত ২৯ জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী সময়ে চট্টগ্রামের বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ২ আগস্ট ফটিকছড়ি থানার একটি হত্যা ও একটি অস্ত্র মামলায় তাকে পৃথকভাবে পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ ছাড়া ১২ আগস্ট হাটহাজারী থানায় দায়ের হওয়া একটি চাঁদাবাজি মামলায় ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় পর্যায়ক্রমে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত