, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

বোয়ালখালীতে প্রবাল এক্সপ্রেসে কাটা পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালীতে প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট ১৩ নম্বর পুলসংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস গোমদণ্ডী স্টেশন পার হওয়ার পর ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানান, ট্রেনে এক নারী কাটা পড়ার খবর পাওয়ার পর বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়।

পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করে। নিহতের পরিচয় শনাক্তে তার সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগে পাওয়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের একটি ছাড়পত্র সহায়ক হিসেবে কাজ করে। ওই নথিতে তার নাম পম্পী বড়ুয়া এবং বাড়ি রাউজান উল্লেখ রয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পম্পী কীভাবে রেললাইনে এসেছিলেন এবং ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত