মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
সোমবার (৩১ আগস্ট) ডেথ রেফারেন্স ও আসামির করা আপিলের শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর আগে গত ২৪ আগস্ট মামলাটির শুনানি শেষ হয়। রায়ের জন্য ২৫ আগস্ট দিন ধার্য থাকলেও পরে তা পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের মার্চে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১৩ এপ্রিল ২০২৫ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় রাষ্ট্রপক্ষে ২৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় এবং দ্রুত বিচারিক কার্যক্রম শেষ হয়।
২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করেন। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।
মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার আগে উচ্চ আদালতের অনুমোদন প্রয়োজন হওয়ায় নিম্ন আদালত থেকে মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত হিটু শেখও রায়ের বিরুদ্ধে আপিল করেন।
দুই পক্ষের শুনানি শেষে সোমবার হাইকোর্ট বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখেন। ফলে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের সর্বোচ্চ শাস্তির রায় উচ্চ আদালতেও বহাল থাকল।
ইতি/
