, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 90%

হাসপাতালে চেইন চুরির অভিযোগ, এক্স-রে খুলে দিল রহস্য

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসকের দেখানোর অপেক্ষায় থাকা এক নারীর গলা থেকে সোনার দুটি চেইন চুরির অভিযোগ উঠেছে। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে আটক এক নারীর পেটের এক্স-রে করা হলে সেখানে চেইন দুটির অস্তিত্ব ধরা পড়ে। পরে এন্ডোস্কোপির মাধ্যমে সেগুলো উদ্ধার করা হয়

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের বিবি ফাতেমা বহির্বিভাগে চিকিৎসকের পরামর্শ নিতে লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় কয়েকজন নারী তাঁকে ঘিরে ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে তাঁর গলা থেকে এক ভরি ওজনের দুটি সোনার চেইন খুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

চেইন হারানোর বিষয়টি বুঝতে পেরে ফাতেমা চিৎকার শুরু করলে ওই নারীদের মধ্যে তিনজন দ্রুত সরে যান। ঘটনাস্থলে থাকা লোকজন সন্দেহভাজন হিসেবে সিনারা বেগম (৫০) নামের এক নারীকে আটক করেন। তাঁর বাড়ি সিলেটে বলে তিনি জানিয়েছেন।

আটকের পর তাঁর শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেও চেইন দুটির সন্ধান পাওয়া যায়নি। তবে তাঁর আচরণ নিয়ে সন্দেহ থাকায় বিষয়টি নিশ্চিত করতে হাসপাতালের এক্স-রে বিভাগে নেওয়া হয় তাঁকে। সেখানে করা এক্স-রেতে তাঁর পাকস্থলীর ভেতরে ধাতব বস্তু দেখা যায় বলে সংশ্লিষ্টরা জানান।

পরে সিনারা বেগমকে পাশের ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রেজাউল ইসলাম পাটোয়ারীর তত্ত্বাবধানে এন্ডোস্কোপি করে তাঁর পাকস্থলী থেকে সোনার চেইন দুটি বের করা হয়।

ঘটনার খবর পেয়ে সুধারাম মডেল থানা-পুলিশ হাসপাতালে গিয়ে ওই নারীকে হেফাজতে নেয়।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন নারীকে হেফাজতে নিয়েছে। ভুক্তভোগী পক্ষ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত