, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 92%

হাটহাজারীতে গ্যারেজের আড়ালে অস্ত্রের কারবার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশার ওয়ার্কশপের আড়ালে দেশীয় অস্ত্র তৈরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পেনগান, চারটি দেশীয় পিস্তল, ২০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট দিবাগত রাত ২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকার সরকারহাটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি (৪৪) এবং মো. কবির আহমদ (৪৭)। তাঁদের দুজনেরই বাড়ি হাটহাজারীতে। জামাল রাজমিস্ত্রির কাজ করেন, আর কবির অটোরিকশাচালক হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র তৈরি, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের বিষয়ে নজরদারি শুরু করা হয়। পরে ক্রেতা সেজে জামাল ও কবিরের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। অভিযোগ রয়েছে, তাঁরা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে অস্ত্র বিক্রির প্রস্তাব দেন।

অভিযানের পর পুলিশ দাবি করে, সরকারহাটের একটি অটোরিকশা ওয়ার্কশপে আড়ালে অস্ত্র তৈরি করা হতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, ওসমান নামে ওই ওয়ার্কশপের এক কর্মী অস্ত্র তৈরি করতেন এবং পরে সেগুলো বিক্রির জন্য তাঁদের কাছে দেওয়া হতো।

পুলিশের ভাষ্য, ওয়ার্কশপের মালিক দেশের বাইরে থাকায় ওসমানই দীর্ঘদিন ধরে সেটি পরিচালনা করছিলেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্ত করা হচ্ছে এবং তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত