, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

মহাসড়কে বিকল কাভার্ড ভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল কাভার্ড ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কাভার্ড ভ্যানের চালক ও সহকারী এবং বাসের চালক রয়েছেন। এ ঘটনায় বাসের সহকারী আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ছাগলনাইয়া উপজেলার পুরোনো মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাভার্ড ভ্যানটি মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। সেটি সরিয়ে নিতে ঘটনাস্থলে একটি লরি আনা হয় এবং উদ্ধারের কাজ শুরু করা হয়। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস এসে কাভার্ড ভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও সহকারী এবং বাসের চালক ও সহকারী আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত বাসের সহকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেনীর ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান, লরি ও বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত