, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 94%

চট্টগ্রাম ছাড়লেন আলোচিত বিআরটিএ কর্মকর্তা মাসুদ

নিজস্ব প্রতিবেদক

২০১৭ সালে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যকে কেন্দ্র করে আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় অফিসে নতুন পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শফিকুজ্জামান ভূঞাকে।

বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে গত ৩১ আগস্ট জারি করা এক অফিস আদেশে এসব বদলি ও পদায়নের কথা জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, চট্টগ্রাম বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে বদলি করা হয়েছে। আর ঢাকা বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রামে একই পদে পদায়ন করা হয়েছে।

একই আদেশে খুলনা বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. জিয়াউর রহমানকে বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (রোড সেফটি) পদে বদলি করা হয়েছে। পাশাপাশি তাকে বরিশাল বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং)-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া খুলনা বিভাগীয় অফিসের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) তানভীর আহমেদকে নিজ দায়িত্বের পাশাপাশি পরিচালক (ইঞ্জিনিয়ারিং)-এর অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আগের বদলি আদেশও হয়েছিল

মাসুদ আলমকে এর আগেও চলতি বছরের ৭ মার্চ বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে বদলির আদেশ দেওয়া হয়েছিল। ওই আদেশে সদর কার্যালয়ের তৎকালীন পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ শহীদুল্লাহকে পরিচালক (রোড সেফটি) পদে দায়িত্ব দেওয়ার কথা ছিল।

তবে পরবর্তী সময়ে ওই বদলি আদেশ বাতিল হয়ে যায়। কেন আদেশটি বাস্তবায়ন করা হয়নি বা বাতিল করা হয়েছিল, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা তখন পাওয়া যায়নি।

ভালো হয়ে যাও মাসুদ’ থেকে আলোচনায়

২০১৭ সালের জানুয়ারিতে বিআরটিএর মিরপুর কার্যালয় পরিদর্শনের সময় সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ‘ভালো হয়ে যাও মাসুদ’ মন্তব্য করেন।

পরবর্তী সময়ে ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর পর থেকেই মাসুদ আলমের নাম জনপরিসরে আলোচিত হতে থাকে। ঘটনাটি নিয়ে পরবর্তী বছরগুলোতেও বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

চট্টগ্রামে দায়িত্ব দুই বছরের বেশি

বিআরটিএ সূত্রের বরাতে জানা যায়, চট্টগ্রামে যোগ দেওয়ার আগে মাসুদ আলম খুলনা বিভাগীয় অফিসে পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ২৫ মার্চ তিনি চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে দায়িত্ব নেন। এরপর দুই বছরের বেশি সময় তিনি চট্টগ্রাম বিভাগে দায়িত্ব পালন করেন।

সাম্প্রতিক বদলি ও পদায়নের মাধ্যমে বিআরটিএর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তবে বদলি ও পদায়নকে ঘিরে সংস্থাটির ভেতরে নানা আলোচনা রয়েছে। কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন, বিআরটিএতে বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা প্রয়োজন।

বদলি আদেশ পরিবর্তন বা বাতিলের ক্ষেত্রে প্রভাবশালী মহলের হস্তক্ষেপের অভিযোগও বিভিন্ন সময়ে উঠেছে। তবে এসব অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য কোনো নথি বা প্রমাণ এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোকে নিশ্চিত তথ্য হিসেবে দেখার সুযোগ নেই।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিআরটিএর মতো নিয়ন্ত্রক সংস্থায় বদলি, পদায়ন, পদোন্নতি ও নিয়োগের ক্ষেত্রে নীতিমালা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। একই কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে বারবার দায়িত্ব দেওয়ার বিষয়টিও পর্যালোচনা করা প্রয়োজন।

এদিকে সাম্প্রতিক বদলি সম্পর্কে জানতে মো. মাসুদ আলমের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত