ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘদিনের যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম নগরের সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের মেহেদীবাগে নিজের বাসভবনে সীতাকুণ্ড নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ পরিকল্পনার কথা জানান। বিষয়টি নিয়ে একই দিনে একাধিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
মতবিনিময়ে সীতাকুণ্ড নাগরিক সমাজের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম ও সদস্যসচিব অ্যাডভোকেট আবুল হাসান মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়। তাঁরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতে কয়েকটি বিকল্প অবকাঠামোগত উদ্যোগের প্রস্তাব তুলে ধরেন।
প্রতিনিধিদলের পক্ষ থেকে সীতাকুণ্ডের উপকূলীয় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ নির্মাণের দাবি জানানো হয়। পাশাপাশি মহাসড়কের সীতাকুণ্ড অংশে বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী জানান, সরকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত একটি এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ওপর যানবাহনের চাপ ও যানজট কমানোর পাশাপাশি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই যোগাযোগপথে চলাচল আরও গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।
মতবিনিময় শেষে সীতাকুণ্ড নাগরিক সমাজের পক্ষ থেকে বিভিন্ন দাবি ও স্থানীয় সমস্যার কথা উল্লেখ করে মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে সীতাকুণ্ড পর্যন্ত চট্টগ্রাম ওয়াসার পানির লাইন সম্প্রসারণসহ এলাকার বিভিন্ন উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
মন্ত্রী প্রতিনিধিদলের দাবিগুলো শোনেন এবং সীতাকুণ্ডের উন্নয়ন ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেন।
ইতি/
