যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ করার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিউ মেক্সিকোর একটি মানচিত্র প্রকাশ করেন তিনি। সেখানে ‘Mexico’ শব্দটি লাল দাগ দিয়ে কেটে তার নিচে ‘America’ লেখা দেখা যায়।
পরে হোয়াইট হাউসও নিজেদের এক্স অ্যাকাউন্টে একই ছবিটি পুনরায় প্রকাশ করে। তবে নিউ মেক্সিকোর নাম পরিবর্তন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি হোয়াইট হাউস।
ট্রাম্পের পোস্টের পর বিষয়টি নিয়ে নিউ মেক্সিকোয় রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অঙ্গরাজ্যটির গভর্নর মিশেল লুজান গ্রিশাম বলেন, নিউ মেক্সিকোর নাম পরিবর্তনের কোনো প্রশ্নই নেই। ডেমোক্র্যাট আইনপ্রণেতারাও ট্রাম্পের উদ্যোগের সমালোচনা করেছেন।
তবে আইনগতভাবে নিউ মেক্সিকোর নাম পরিবর্তনের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফেডারেল পর্যায়ে জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেমে থাকা বিভিন্ন ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের উদ্যোগ নিতে পারেন। কিন্তু কোনো অঙ্গরাজ্যের সাংবিধানিক নাম পরিবর্তনের জন্য আলাদা প্রক্রিয়া প্রয়োজন।
ট্রাম্প এর আগেও ভৌগোলিক নাম পরিবর্তন নিয়ে উদ্যোগ নিয়েছেন। ২০২৫ সালে তিনি ‘Gulf of Mexico’-এর নাম ‘Gulf of America’ করার উদ্যোগ নেন। সম্প্রতি নির্বাহী আদেশের মাধ্যমে ‘Lake Ontario’-এর নাম ‘Lake America’ করার পদক্ষেপও নেওয়া হয়েছে।
নিউ মেক্সিকোর নামের ইতিহাস যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠারও আগের। ফলে ট্রাম্পের নতুন পোস্টকে কেন্দ্র করে অঙ্গরাজ্যটির ঐতিহাসিক নাম ও পরিচয় নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত ‘New America’ নামটি কোনো সরকারি পরিবর্তন নয়।
ইতি/
