বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার খেয়াঘাটসংলগ্ন নদীতে স্থানীয়রা তিমিটিকে দেখতে পান।
স্থানীয়দের ধারণা, জোয়ারের স্রোতে বঙ্গোপসাগর থেকে মৃত তিমিটি নদীতে ভেসে আসে। পরে বিষয়টি জানাজানি হলে তিমিটিকে দেখতে নদীর তীরে উৎসুক মানুষের ভিড় জমে।
খবর পেয়ে বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করেন। বন বিভাগের কর্মকর্তারা জানান, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে তিমিটির শরীরে পচন ধরেছে এবং তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, তিমিটির দৈর্ঘ্য আনুমানিক ৩০ ফুট এবং প্রস্থ প্রায় ১৫ ফুট। পচে যাওয়ায় সঠিকভাবে পরিমাপ করা কঠিন হয়ে পড়েছে। এর ওজন আনুমানিক ৫ থেকে ৬ টন হতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান জানান, তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ এড়াতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এটিকে মাটিচাপা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার জানান, ঘটনাস্থলে বন বিভাগের প্রতিনিধি ও কোস্টগার্ড সদস্যরা রয়েছেন। তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। তবে কালো রঙের এই বিশাল সামুদ্রিক প্রাণীটি কোন প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে জেলা মৎস্য কর্মকর্তার মতে, তিমিটির মৃত্যুর সঠিক কারণ জানতে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। পানির পরিবেশগত কোনো সমস্যার কারণে মৃত্যু হয়ে থাকতে পারে কি না, তা গবেষণা ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
ইতি/
