চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও দুই উপপরিদর্শকসহ (এসআই) আটজনের বিরুদ্ধে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর, লুটপাট, মারধর ও রাবার বুলেট নিক্ষেপের অভিযোগে মামলা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৬৬ বছর বয়সী মো. জাবেদ এ মামলা করেন। তিনি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগার বাবা।
বাদীপক্ষের আইনজীবী এস এম মইনুল ইসলাম জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।
মামলায় খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম, এসআই মো. শাহ পরান ও মো. আনোয়ার হোসেনসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ৪ সেপ্টেম্বর ভোরে খুলশী থানার ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ওয়্যারলেস মোড় এলাকায় বাদীর বাড়িতে প্রবেশ করে আসামিরা ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় রাবার বুলেট ছোড়ারও অভিযোগ করা হয়েছে। ঘটনায় প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।
অভিযোগে আরও বলা হয়, বাড়ির বিভিন্ন আসবাবপত্র, দরজা-জানালা ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করা হয়। পরে বাদীর পুত্রবধূ রীখা বেগমের কক্ষে ঢুকে ওয়ারড্রব ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে এর আগে ভিন্ন অভিযোগে মামলা করা হয়েছিল। পুলিশ জানিয়েছিল, গত ২৯ আগস্ট পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় ওয়াকিল হোসেনকে আসামি করা হয়। এরপর ৪ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করতে গেলে তার অনুসারীরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বলে পুলিশের দাবি।
ওই ঘটনায় পুলিশ ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে পৃথক মামলা করে।
বর্তমানে বাদীর করা মামলাটির তদন্ত সিআইডির মাধ্যমে কীভাবে এগোয়, সেটিই পরবর্তী বিষয়। অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই হবে।
ইতি/
