, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 69%

ফটিকছড়িতে ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে মো. হারুন (৪৫) ওরফে ‘ডাবা হারুন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন ও কালা মোবারকের সহযোগী হিসেবে পরিচিত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য রয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার হাঁচি সরদার পাড়ায় অভিযান চালিয়ে হারুনকে গ্রেপ্তার করা হয়। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার হারুন মানিকপুর হাঁচি সরদার পাড়ার বদিউল আলমের ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘ডাবা হারুন’ নামে পরিচিত। পুলিশের ভাষ্য অনুযায়ী, ডেভিড ইমন, কালা মোবারক ও টেস্টার মোবারকের সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড ইমনের সহযোগীদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবেই হারুনকে আটক করা হয়। এর আগে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’কে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া দলের সদস্যদের মধ্যে হারুনের নাম উঠে আসে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, টেস্টার মোবারকের দেওয়া তথ্যের ভিত্তিতে হারুনের অবস্থান শনাক্ত করে পরবর্তী সময়ে অভিযান চালানো হয়। একই সঙ্গে কাঞ্চননগরের আলোচিত সাদ্দাম হত্যা মামলাতেও হারুনের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে এসব অভিযোগের সত্যতা আদালতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান জানান, ডেভিড ইমনের সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হারুনকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন অপরাধে তার ভূমিকা ও সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত