, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

রাব্বী নিহতের ঘটনায় শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ে জুলাই আন্দোলনের সময় বিএনপি কর্মী জাহিদ হোসেন রাব্বী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাসহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত আগামী ২ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আবেদন করেন নিহত রাব্বীর মামা ও খিলগাঁও থানার ঝিলপাড় ইউনিটের যুবদল সদস্য নাঈম কলিমুল্লাহ সরকার। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আবেদনটি করা হয়। পরে আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে অভিযোগটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

মামলায় সাবেক আওয়ামী লীগ সরকারের কয়েকজন মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম রয়েছে। তাঁদের মধ্যে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকের নাম রয়েছে।

এ ছাড়া আওয়ামী লীগের কয়েকজন সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাবেক সিটি মেয়রের নামও মামলায় উল্লেখ করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের মধ্যে সাবেক মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ কয়েকজন সাবেক কর্মকর্তার নাম রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কয়েকজন আইজিপি, ডিএমপি কমিশনার, ডিবি ও এসবির সাবেক কর্মকর্তার নামও আসামির তালিকায় রয়েছে।

যেভাবে নিহত হন রাব্বী

মামলার অভিযোগ অনুযায়ী, জাহিদ হোসেন রাব্বী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পেশায় ফটোগ্রাফার ও গ্রাফিক্স ডিজাইনার ছিলেন এবং জুলাই আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন।

অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলনের শেষ দিনে খিলগাঁওয়ের তালতলা এলাকায় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় দুপুরের দিকে রাব্বী গুলিবিদ্ধ হন। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এখন পিবিআইয়ের তদন্তে রাব্বীর মৃত্যুর পরিস্থিতি, গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং মামলায় যাদের নাম এসেছে তাঁদের বিরুদ্ধে করা অভিযোগের সঙ্গে ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে কি না—এসব বিষয় যাচাই করা হবে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করবে সংস্থাটি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত