, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 79%

চট্টগ্রামে মাদক কেনার টাকার জন্য ২০ মাসের শিশুকে বিক্রির চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় মাদক কেনার অর্থ জোগাড় করতে নিজের ২০ মাস বয়সী মেয়েকে বিক্রির উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে সদরঘাট থানা পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিশুটির মা সীমা (২৬) জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। তাঁর অভিযোগ, স্বামী লোকমান হোসেন সাগর (২৭) মাদকাসক্ত। মাদক সেবনের টাকা সংগ্রহের জন্য তিনি তাঁদের ২০ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তারকে বিক্রি করার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হন।

সীমা বর্তমানে নগরের সদরঘাট থানাধীন পানির ট্যাংকি এলাকার বাচ্চু মিয়ার বাসায় বসবাস করেন।

অভিযোগ পাওয়ার পর সদরঘাট থানা পুলিশের মোবাইল টহল দলের স্পেশাল-২৪ (নৈশ) ইউনিটের সদস্যরা শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা ধরে বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর পর পশ্চিম মাদারবাড়ি এলাকার যুগী চাঁদ মসজিদ লেইন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে মায়ের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বাংলানিউজকে বলেন, শিশুটিকে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। মোবাইল টহল দলের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং মায়ের কাছে হস্তান্তর করেন।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত