, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের দপ্তরে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইমা রহমান। অধিবেশনের সভাপতির কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত কর্মকর্তাদের তালিকায় তাঁর নাম ও পদবি উল্লেখ করা হয়েছে।

জাইমা রহমান যুক্তরাজ্যের লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায়ও উত্তীর্ণ হন তিনি।

জাইমা রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, খলিলুর রহমানের দপ্তরে ২৯টি দেশের ৪০ জন কর্মকর্তা বিভিন্ন নির্বাহী ও উপদেষ্টা পদে দায়িত্ব পালন করছেন। এসব দেশের মধ্যে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, তুরস্ক, সৌদি আরব, জার্মানি, কানাডা, জাপান, নরওয়ে, কাতার, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সেনেগাল ও হাইতি রয়েছে।

দপ্তরের প্রধান বা শেফ দ্য ক্যাবিনেট হিসেবে দায়িত্ব পালন করবেন সেনেগালের নাগরিক জিবরিল দিয়ালু। জাতিসংঘের বিভিন্ন সংস্থায় তিন দশকের বেশি সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

বাংলাদেশি কূটনীতিক আবদুল আলিম দপ্তরের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বাংলাদেশিদের মধ্যে মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করবেন।

গত ৮ সেপ্টেম্বর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সভাপতিত্বে বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত