, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 80%

চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নগর সরকার প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামকে পরিকল্পিত, পরিবেশবান্ধব ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে নগর সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) চসিকের সম্মেলন কক্ষে ‘চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান ২০২৫–২০৫০’ নিয়ে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রমে সিটি করপোরেশন, সিডিএ, চট্টগ্রাম ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, ‘গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি’ হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলাই লক্ষ্য। এ জন্য মাস্টারপ্ল্যানকে বাস্তবভিত্তিক করার পাশাপাশি নগরবাসীর প্রয়োজন ও প্রত্যাশাকেও পরিকল্পনায় গুরুত্ব দিতে হবে।

জলাবদ্ধতাকে চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা উল্লেখ করে মেয়র বলেন, খাল, নালা ও ড্রেনেজ ব্যবস্থার সমন্বিত ব্যবস্থাপনা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে এ সমস্যা মোকাবিলা করতে হবে। চলমান খাল উন্নয়ন ও সংস্কার কার্যক্রমের পাশাপাশি আরও খালকে পরিকল্পনার আওতায় আনার প্রয়োজন রয়েছে।

ভবন নির্মাণে নির্ধারিত খোলা জায়গা সংরক্ষণের ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, ভবনের চারপাশ পুরোপুরি কংক্রিটে ঢেকে না রেখে গাছপালা ও ঘাসের জন্য জায়গা রাখা হলে বৃষ্টির পানি মাটিতে প্রবেশের সুযোগ বাড়বে এবং নগরের পরিবেশও উপকৃত হবে।

বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক ও পরিবেশবান্ধব করার বিষয়েও মাস্টারপ্ল্যানে কার্যকর পরিকল্পনা রাখার কথা বলেন মেয়র। পাশাপাশি যানজট, ফুটপাত দখল, অবৈধ স্থাপনা ও সড়ক ব্যবস্থাপনার মতো সমস্যা সমাধানে একাধিক সরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানান তিনি।

মেয়র শাহাদাত বলেন, একটি সংস্থা কোনো অভিযান পরিচালনা করলেও পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় অন্য সংস্থার সহযোগিতা প্রয়োজন হয়। নগর সরকার প্রতিষ্ঠা হলে দায়িত্ব বণ্টন ও জবাবদিহির ক্ষেত্রে আরও কার্যকর সমন্বয় তৈরি হতে পারে।

ইতি/

 

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত