, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের সংবেদনশীল স্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ছবি ও ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের প্রধান সামুদ্রিক বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম জাতীয় অর্থনীতি, আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। পাশাপাশি জাতীয় নিরাপত্তার দিক থেকেও বন্দরটি গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণকারী বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর ‘জিরো অবজারভেশন’ অর্জন করেছে বলেও উল্লেখ করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২ অনুযায়ী বন্দরের সীমানার আওতাধীন স্থান ও স্থাপনাগুলো সংরক্ষিত এলাকা হিসেবে বিবেচিত। এছাড়া রাষ্ট্রের নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্বার্থসংশ্লিষ্ট সংবেদনশীল তথ্য, ছবি, নকশা বা উপাত্তের অননুমোদিত ধারণ ও প্রচার আইন অনুযায়ী দণ্ডনীয় হতে পারে।

এ কারণে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি সক্ষমতা, স্থাপনার বিন্যাস ও পরিচালনাসংক্রান্ত সংবেদনশীল তথ্য প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সংবেদনশীল স্থাপনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো, প্রবেশ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, নজরদারি ও যোগাযোগ ব্যবস্থা, জাহাজ ও কার্গো ব্যবস্থাপনা এবং অন্যান্য নিরাপত্তাসংশ্লিষ্ট স্থানের ছবি, ভিডিও, স্কেচ বা দৃশ্যমান তথ্য অনুমতি ছাড়া সংগ্রহ ও প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বিশেষ করে বন্দরটির কেপিআই (Key Point Installation) সংরক্ষিত এলাকা ও নিরাপত্তাসংশ্লিষ্ট স্থাপনায় অনুমতিবিহীন কোনো কার্যক্রম কঠোরভাবে এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্দেশনা অমান্য করে অননুমোদিত তথ্য প্রকাশ বা প্রচারের মাধ্যমে বন্দরের নিরাপত্তা বিঘ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন, নিরাপত্তা বিধিমালা ও বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত