নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি কূপ খনন করে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। কূপটির পরীক্ষা সম্পন্ন হলে গ্যাসের মজুত ও উৎপাদন সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও এলাকায় ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বাপেক্স।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে কূপটিতে ডিএসটি (Drill Stem Test) পরীক্ষা চলছে। এই পরীক্ষা শেষ হলে কূপটিতে মোট গ্যাসের মজুত এবং উত্তোলনযোগ্য পরিমাণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।
বাপেক্স সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই সুন্দলপুর-৪ কূপের খননকাজ শুরু হয়। ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি (MWD) প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।
তবে কূপটির প্রকৃত মজুত ও চূড়ান্ত উৎপাদন সক্ষমতা জানতে চলমান ডিএসটি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে
ইতি/
