প্রযুক্তির প্রসারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণার নতুন নতুন কৌশল। সন্দেহজনক লিংক, ভুয়া নোটিফিকেশন কিংবা ক্ষতিকর সফটওয়্যারের মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে নিয়মিত।
এমনই একটি সাইবার প্রতারণার অভিযোগ উঠেছে চট্টগ্রামের সাতকানিয়ায়। মো. জামাল উদ্দীন নামে এক ব্যবসায়ীর মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর তার দুটি ব্যাংক হিসাব থেকে ৭ লাখ ৫২ হাজার ৪৫০ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীর করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে দোকানে থাকা অবস্থায় তার মোবাইল ফোনে একটি সন্দেহজনক নোটিফিকেশন আসে। বিষয়টি গুরুত্ব না দিয়ে তিনি নোটিফিকেশনটি বাতিল করে দেন। এর কিছুক্ষণ পর তার মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট শুরু হয়।
আপডেট শেষ হওয়ার পর তিনি লক্ষ্য করেন, ফোনটির ওপর তার স্বাভাবিক নিয়ন্ত্রণ নেই। পরে তিনি বুঝতে পারেন, তার জিমেইল অ্যাকাউন্ট ও গুগল পাসওয়ার্ড ম্যানেজারে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্যও ঝুঁকির মধ্যে পড়েছে।
অভিযোগ অনুযায়ী, এসব তথ্য ব্যবহার করে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার ব্যাংকিং-সংক্রান্ত তথ্য ও পিন সংগ্রহ করে। এরপর একটি বেসরকারি ব্যাংকের দুটি হিসাব থেকে কয়েক ধাপে মোট ৭ লাখ ৫২ হাজার ৪৫০ টাকা তুলে নেওয়া হয়।
ঘটনার পর বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সাইবার নিরাপত্তা সংশ্লিষ্টদের পরামর্শ, অপরিচিত কোনো লিংক বা নোটিফিকেশনে ক্লিক না করা, অজানা অ্যাপ ইনস্টল থেকে বিরত থাকা এবং গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ও দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু রাখা।
ইতি/
