, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 73%

আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতিতে কক্সবাজার বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক আকাশপথে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে কক্সবাজার বিমানবন্দর। মালয়েশিয়ার পেনাংয়ে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা সামনে এনেছে এয়ার এশিয়া। পাশাপাশি নেপালের কাঠমান্ডু, চীনের কুনমিং ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের উদ্যোগও রয়েছে।

আন্তর্জাতিক যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে বিমানবন্দরে নির্মাণ করা হয়েছে ঝিনুকের আদলে আধুনিক যাত্রী টার্মিনাল। প্রায় ৩৬৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালে রয়েছে ১৪টি চেক-ইন কাউন্টার, ১০টি ইমিগ্রেশন কাউন্টার ও দুটি লাগেজ বেল্ট। সংশ্লিষ্টদের তথ্যমতে, পূর্ণ সক্ষমতায় চালু হলে টার্মিনালটি বছরে প্রায় ২০ লাখ যাত্রীকে সেবা দিতে পারবে।

এদিকে, বিমানবন্দরের নতুন এপ্রোনে একসঙ্গে ১০ থেকে ১২টি উড়োজাহাজ পার্কিংয়ের সুবিধা রয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সক্ষমতা যাচাই এবং প্রয়োজনীয় সনদ পাওয়ার পর বিমানবন্দরটিকে আন্তর্জাতিক যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টদের আশা, সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকদের কক্সবাজার ভ্রমণ আরও সহজ হবে। এতে পর্যটন খাতের পাশাপাশি হোটেল, রিসোর্ট, পরিবহন ও স্থানীয় ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়তে পারে।

তবে আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চালু এবং যাত্রীসেবার মান নিশ্চিত করাই হবে পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে কক্সবাজারের পর্যটনশিল্প ও স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত