, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

চার দিন পর চট্টগ্রামে উদ্ধার লামার নিখোঁজ তিন স্কুলছাত্রী

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানের লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চার দিন পর চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে পৃথক দুটি বাসায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া তিন কিশোরী হলেন রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)। তারা বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিমপাড়া এলাকার বাসিন্দা। তাদের মধ্যে তানিয়া স্থানীয় ইয়াংছা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিন কিশোরীর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, স্কুলের সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের কথা বলে প্রথমে রেশমি বাড়ি থেকে বের হয়। পরে অন্য দুই কিশোরীও বাড়ি থেকে বের হলে তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে গত ১৩ অক্টোবর লামা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ কিশোরীদের অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে।

এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকার ২ নম্বর সড়কের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের আরেকটি বাসায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে তিন কিশোরীকে উদ্ধার করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়সার হামিদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে জানা গেছে, গৃহপরিচারিকার কাজ করার উদ্দেশ্যে তিন কিশোরী ওই বাসাগুলোতে অবস্থান করছিল। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে নিখোঁজ সন্তানদের ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। তাদের উদ্ধারে সহযোগিতার জন্য পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্বজনেরা।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত