, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে তদন্ত ও পরামর্শক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে জরুরি ভিত্তিতে সুপারিশ চাওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি ইউজিসির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, চুয়েটের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সংকট নিরসনে ইউজিসির সদস্য পর্যায়ে একটি তদন্ত বা পরামর্শক কমিটি গঠনের বিষয়ে প্রস্তাব দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়গুলো বিশ্লেষণ করে সুনির্দিষ্ট সুপারিশ দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলা হয়েছে।

এর আগে, গত ১৬ অক্টোবর চুয়েটের ১৪৫তম জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি নিরপেক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত বা পরামর্শক কমিটি গঠনের সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সংকট সমাধানে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়েও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে চুয়েটে দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন এবং সম্ভাব্য সেশনজট নিয়ে উদ্বেগ বাড়ছে।

এ অবস্থায় মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিতব্য কমিটির পর্যালোচনা ও সুপারিশের ভিত্তিতে সংকট নিরসন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত