চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ রেলওয়ের ইজারা নেওয়া জমির বাইরে অতিরিক্ত সরকারি জমি দখল এবং সরকারের ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকার আর্থিক ক্ষতির অভিযোগে সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৯ অক্টোবর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ সংস্থাটির উপসহকারী পরিচালক তাপছির বিল্লাহ বাদী হয়ে মামলাটি করেন। দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক রিয়াজ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, মীরসরাই উপজেলার পশ্চিম হিঙ্গুলি মৌজায় পরিবেশবান্ধব সিমেন্ট, বালু ও হলো ব্লক তৈরির কারখানা স্থাপনের জন্য ২০১৬ সালে বাংলাদেশ রেলওয়ের কাছে ৩ দশমিক ৭৫ একর জমি দীর্ঘমেয়াদে ইজারা চেয়ে আবেদন করেন রুহেল। অভিযোগ রয়েছে, ইজারা অনুমোদনের আগেই সেখানে সেমিপাকা কারখানা ও দ্বিতল অফিস ভবন নির্মাণ করা হয়।
এজাহারে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রেলওয়ের জমির মধ্যে থাকা একটি সরকারি পুকুর ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন করা হয়। একই সঙ্গে কৃষি ও মৎস্য চাষের জন্য অন্য এক ব্যক্তির অনুকূলে বৈধভাবে বরাদ্দ থাকা জমি ইজারার মেয়াদ শেষ হওয়ার আগেই দখলে নেওয়ার অভিযোগও আনা হয়েছে।
দুদকের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের মার্চে গ্যাসমিন লিমিটেডকে ৩২ হাজার ১৩০ বর্গফুট বা শূন্য দশমিক ৭৪ একর জমি অস্থায়ী ভিত্তিতে এবং প্রতিবছর নবায়নের শর্তে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। তবে মীরসরাই উপজেলা ভূমি অফিসের সরেজমিন তদন্তে অনুমোদিত জমির বাইরে আরও ১৫৪ শতক বা ১ দশমিক ৫৪ একর রেলভূমি দখলে রেখে ব্যবসায়িক কাজে ব্যবহারের তথ্য পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
দুদকের অভিযোগ, জমি ব্যবহারের অনুমোদিত পরিমাণের অতিরিক্ত অংশ দখলে রাখা এবং সংশ্লিষ্ট অনিয়মের মাধ্যমে সরকারের ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪২৭ ও ৪৪৭ ধারায় মামলা করা হয়েছে।
মাহবুব উর রহমান রুহেল গ্যাসমিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে।
মামলাটি অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়েছে; অভিযোগের সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
ইতি/
