চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসক হিসেবে ডা. শাহাদাত হোসেন সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন। এ জন্য বিধি অনুযায়ী তিনি মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন।
এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর নির্বাচন কমিশন ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে। ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে তাঁর করা মামলায় ২০২৪ সালের ১ অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনাল তাঁকে বিজয়ী ঘোষণা করেন। পরবর্তী সময়ে আদালতের রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন এ ঘোষণা দেয়।
নতুন এ নিয়োগের মধ্য দিয়ে চসিকের প্রশাসনিক দায়িত্বে আবারও ডা. শাহাদাত হোসেনের ভূমিকা আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হলো।
ইতি/
