প্রধানমন্ত্রীর বছরে ৫ কোটি চারা রোপণ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন ভূমি অফিস চত্বরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর, রবিবার বিকেল ৪টায় পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়ন এবং পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন বড়উঠান ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী মো. সাজ্জাদ হোসেন।
উদ্বোধনী বক্তব্যে মো. সাজ্জাদ হোসেন বলেন, চট্টগ্রাম প্রকৃতিনির্ভর একটি জেলা। এখানে পাহাড় ও সমুদ্র রয়েছে। নান্দনিক ও নৈসর্গিক এ চট্টগ্রামকে প্রকৃতিময় করে গড়ে তুলতে সব নাগরিককে আরও বেশি পরিবেশসচেতন হতে হবে।
তিনি বলেন, সরকারের কর্মসূচির সফল বাস্তবায়নে ‘গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স’ পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে সবুজের বার্তা নিয়ে যে উদ্যোগ গ্রহণ করেছে, তা প্রশংসার যোগ্য। সরকারের একার পক্ষে এ কর্মসূচি সফল করা সম্ভব নয়। পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, দেশের সব মানুষকে নাগরিক দায়িত্ববোধ থেকে সবুজের আহ্বানে সাড়া দিতে হবে। প্রধানমন্ত্রীর বছরে ৫ কোটি চারা রোপণ ও বিতরণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য এ কিউ এম মোসলেম উদ্দিন, এম নুরুল হুদা চৌধুরী, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ এমরান, আবদুল মোমেন মোল্লা, সংগঠক মোহাম্মদ রিফাত, আজিজুন রহমান, নুরুন নবী, নুর মোহাম্মদ, আবদুল কুদ্দুস ও মোহাম্মদ জসিম উদ্দিন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ অতিথিদের সঙ্গে নিয়ে বড়উঠান ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও সৌন্দর্যবর্ধক ফুলের চারা রোপণ করেন। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সংগঠনটির প্রকাশিত ‘গ্রীন চট্টগ্রাম-গ্রীন বাংলাদেশ’ শীর্ষক স্মারক প্রকাশনা উপহার দেওয়া হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নাগরিকদের মধ্যে পরিবেশ সংরক্ষণের সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরু|
