
এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অনন্য অবদান রাখায় চট্টগ্রাম বিভাগের ১০৪টি উপজেলার মধ্যে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক ড. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ইউএনও হিসেবে শরীফ উল্যাহ লোহাগাড়ায় ২০২২ সালের ১২ মে যোগদান করেন। এরপর থেকে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হিসেবে তার প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার প্রসার ও মানোন্নয়ন দুর্গম পাহাড়ি এলাকাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। ইংরেজি ভোকাবুলারি মজবুত করতে তার ব্যতিক্রমী কার্যক্রম ‘এভরিডে থ্রি ওয়ার্ড’ ও ‘এভরিডে ফাইভ ওয়ার্ডস’ থেকে এবং বিভিন্ন বিষয়ের উপর সংক্ষিপ্ত প্রশ্নও করে থাকেন। সেখানে সঠিক উত্তর দাতা বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেন উইনার্স ব্যাগ। মফস্বল এলাকায় ঝিমিয়ে পড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মশাল প্রজ্বলিত করতে ইউএনও শরীফ উল্যাহ’র এই ভূমিকা অনেক প্রশংসনীয়। শিক্ষার্থীরা ইউএনও`র লাল গাড়ি দেখলেই উচ্ছ্বসিত হন। কোমলমতি শিক্ষার্থীরা মনে করেন, ইউএনও তাদের জন্য কিছু নিয়ে এসেছেন, ক্লাস নিবেন। কর্মদক্ষতায় প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে শরীফ উল্যাহকে মনোনীত করা হয়।
উল্লেখ্য,গত ২৫ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অসামান্য অবদান রাখায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হয়েছিলেন লোহাগাড়ার ইউএনও শরীফ উল্যাহ।

