
রুশমী আক্তার,লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় দাদীর সাথে কথা কাটাকাটির জের ধরে ফাঁসিতে ঝুলে আনিকা আক্তার ( ১৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
জানা যায়, সে আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার আলিম ২য় বর্ষের শিক্ষার্থী। সে আমিরাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সুখছড়ি নয়া পাড়ার আকতার হোসেন ড্রাইভার এর মেয়ে।
নিহতের দাদী নুরুজ্জাহান বেগম জানান, ৩ (নভেম্বর) শুক্রবার রাত আনুমানিক পৌনে দশটায় বাসায় টিভি দেখার সময় কিছু বিষয়ে তিনি আনিকাকে বকাঝকা করেন, এরপর সে সেখান থেকে তাঁর রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দেয়, কিছুক্ষণ পরে ভাত খাওয়ার জন্য ডাকতে গেলে দরজা ধাক্কা দেওয়ার পর না খুললে জানালা দিয়ে দেখতে পাই সে ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আছে, পরে আমার ছেলে দরজা ভাঙতে চেষ্টা করে সফল না হয়ে বাড়ির সিলিং এর উপর দিয়ে রুমে ডুকে আমার নাতনীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বলেন, আনিকা আকতারের মৃত্যুর খবর পেয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম ইউনুস জানান, শিক্ষার্থী আনিকার মৃত্যুর খবর পেয়ে আমি স্থানীয় ইউপি সদস্য সহ ঘটনাস্থলে উপস্থিত হই, খোঁজ নিয়ে জানা গেছে দাদীর সাথে কথা কাটাকাটির জের ধরে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, ফাঁসিতে ঝুলে শিক্ষার্থী আনিকা আকতারের মৃত্যুর খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রাসেল পারভেজ সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্তে দাদীর সাথে কথা কাটাকাটির জের ধরে অভিমান করে ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে প্রতীয়মান হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
এব্যাপারে, যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

