, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 80%

বন্যায় চট্টগ্রাম বোর্ডের অবশিষ্ট এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের নিরাপত্তা, শারীরিক ও মানসিক সুস্থতা, ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের চরম দুর্ভোগ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

এই সিদ্ধান্তের আওতায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষাও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বন্যায় বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে অনেক পরীক্ষার্থীর পক্ষে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এছাড়া দুর্যোগের কারণে বহু শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই অবশিষ্ট পরীক্ষাগুলো স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরিস্থিতি স্বাভাবিক হলে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

 

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এলাকাগুলো ছাড়া দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন নির্ধারিত পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পঠিত