
চট্টগ্রাম জেলা পরিষদকে সুশাসন, স্বচ্ছতা ও শতভাগ জবাবদিহিতার প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত প্রশাসক মো. মাহবুবের রহমান শামীম। তিনি বলেছেন, জনগণের অর্থ ও আস্থার সঙ্গে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির আপস করা হবে না। স্বচ্ছতা নিশ্চিত না হলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
সোমবার (২০ জুলাই) চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত প্রথম পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে জেলা পরিষদকে জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে চান। অতীতে গড়ে ওঠা দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন।
তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, সবাইকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা হবে। যেকোনো সমস্যা বা পরামর্শ নিয়ে সরাসরি তাঁর সঙ্গে কথা বলার সুযোগ থাকবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বচ্ছ, সেবামুখী ও কর্মবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
নতুন প্রশাসক আরও বলেন, চট্টগ্রামের বিশাল জনগোষ্ঠী ও উন্নয়ন চাহিদার তুলনায় জেলা পরিষদের বর্তমান বাজেট অপ্রতুল। এ কারণে বরাদ্দ বাড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করবেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. মাহবুবের রহমান শামীম। পরিচিতি সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা, প্রকৌশল ও প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরু/ইতি

