, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 73%

বিশ্বকাপের সেরা একাদশে কারা? প্রকাশ করল ফিফা

নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপের সমাপ্তির তিন দিন পর টুর্নামেন্টের সেরা একাদশ প্রকাশ করেছে ফিফা। বিশ্বজুড়ে সমর্থকদের ভোটে নির্বাচিত ৪-৩-৩ ফরমেশনের এই দলে সবচেয়ে বেশি তিনজন করে ফুটবলার জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স থেকে। রানার্সআপ আর্জেন্টিনা থেকে আছেন দুইজন, আর ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দে থেকে নির্বাচিত হয়েছেন একজন করে। তবে আলোচিত তরুণ লামিনে ইয়ামাল এবং ব্রাজিলের কোনো ফুটবলার এই একাদশে স্থান পাননি।

গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কেপ ভার্দের ভোজিনিয়া। বিশ্বকাপে অভিষেক আসরেই অসাধারণ পারফরম্যান্সে নজর কাড়া এই গোলরক্ষক সমর্থকদের ভোটেও সবচেয়ে বেশি, ৩৯.৬ শতাংশ সমর্থন পেয়েছেন।

রক্ষণভাগে রাখা হয়েছে স্পেনের মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ এবং ফ্রান্সের দায়ো উপামেকানোকে। পুরো টুর্নামেন্টে এক মিনিটও মাঠের বাইরে না থাকা কুকুরেয়া দুটি অ্যাসিস্ট করেন। তার দৃঢ় পারফরম্যান্সে স্পেন মাত্র একটি গোল হজম করে সাতটি ক্লিন শিট রেখে শিরোপা জয়ের মিশন সম্পন্ন করে।

মিডফিল্ডে জায়গা পেয়েছেন স্পেনের রদ্রি, ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম এবং ফ্রান্সের মাইকেল ওলিসে। স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রদ্রি জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল। ওলিসে সাতটি অ্যাসিস্ট করে ফ্রান্সের আক্রমণভাগকে সমৃদ্ধ করেছেন, আর বেলিংহ্যাম ইংল্যান্ডের হয়ে করেছেন সাত গোল।

সামনের তিনজন হিসেবে নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হালান্ড। ১০ গোল ও চার অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুট জেতেন এমবাপ্পে। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার কীর্তিও গড়েছেন তিনি। সমর্থকদের ভোটে দ্বিতীয় সর্বোচ্চ ২৯.৬ শতাংশ সমর্থন পেয়েছেন এই ফরাসি তারকা।

অন্যদিকে ৩৯ বছর বয়সেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে নেতৃত্ব ও পারফরম্যান্স—দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেসি। তার ঝুলিতে যোগ হয় আট গোল ও চারটি অ্যাসিস্ট। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেও সাত গোল করে টুর্নামেন্টের অন্যতম সেরা গোলদাতাদের একজন হিসেবে নিজের নাম লেখান হালান্ড।

ফিফার বিশ্বকাপ সেরা একাদশ (৪-৩-৩):

গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)

রক্ষণভাগ: পেদ্রো পোরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)

মাঝমাঠ: রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)

আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), আর্লিং হালান্ড (নরওয়ে)

বিশ্বকাপে আলো ছড়ানো পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে এই একাদশে। তবে ইয়ামাল ও ব্রাজিলের কোনো ফুটবলারের অনুপস্থিতি নিয়ে সমর্থকদের মধ্যে আলোচনা ইতোমধ্যেই শুরু হয়েছে।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত