
বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পুনরায় শুরু হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্তের পর এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ২৭ জুলাই থেকে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী যেসব পরীক্ষা নির্ধারিত রয়েছে, সেগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। বন্যার কারণে যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল, সেগুলোর নতুন সময়সূচি চলমান পরীক্ষাগুলো শেষ হওয়ার পর পৃথকভাবে ঘোষণা করা হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলার পাশাপাশি একই অঞ্চলের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গুজব বা অনির্ভরযোগ্য তথ্য প্রচার ও বিশ্বাস না করার অনুরোধও জানানো হয়েছে।
ইতি/

