
চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে আরও চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
রোববার (২৬ জুলাই) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। সাক্ষ্য দেওয়া চারজনই ইউসিবিএলের কর্মকর্তা।
আদালত সূত্র জানায়, এ নিয়ে মামলাটিতে মোট ৩৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
দুদকের অভিযোগে বলা হয়েছে, ইউসিবিএলের চট্টগ্রাম শাখা থেকে জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে ২৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়। পরে সেই অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে বলে তদন্তে উঠে আসে। এ ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রীসহ মোট ৩৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। আদালত নির্ধারিত পরবর্তী তারিখে বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
আরু/

