গণভোটের রায় বাস্তবায়ন এবং বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে চারটি বিভাগমুখী লংমার্চ এবং রাজধানী ঢাকায় একটি মহাসমাবেশ।
বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ অনুষ্ঠিত হবে। এরপর ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেটের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালন করা হবে। ধারাবাহিক কর্মসূচির সমাপনী হিসেবে ১৪ নভেম্বর ঢাকায় একটি মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, লংমার্চ চলাকালে বিভিন্ন জেলায় পথসভা ও জনসমাবেশের আয়োজন করা হবে। তিনি জানান, খুলনা কর্মসূচি শেষে যশোর ও কুষ্টিয়া হয়ে প্রতিনিধিদল ঢাকায় ফিরবে। এছাড়া সিলেটমুখী লংমার্চ রেলপথে অনুষ্ঠিত হবে, আর অন্য কর্মসূচিগুলো সড়কপথে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
অবস্থান কর্মসূচিতে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের বিল নিয়ে অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়।
সরকারের প্রতি কর্মসূচিতে কোনো ধরনের বাধা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের পরিবেশ নিশ্চিত করা উচিত। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, কর্মসূচিতে বাধা দেওয়া হলে আন্দোলন আরও বিস্তৃত হতে পারে।
এ সময় ১১ দলীয় ঐক্যে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দেন এবং ঘোষিত কর্মসূচির প্রতি সমর্থন জানান।
ইতি/
