, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 98%

টার্মিনাল আংশিক সচল, জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস সরবরাহ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি (LNG) টার্মিনালের একটি বয়লার মেরামতের পর পুনরায় চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধি পেতে শুরু করেছে। এর ইতিবাচক প্রভাব ইতোমধ্যে চট্টগ্রামেও পড়েছে। পাইপলাইনে গ্যাসের চাপ বেড়েছে এবং কয়েক দিনের তুলনায় পরিস্থিতির উন্নতির ইঙ্গিত মিলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার গভীর রাতে মেরামতকাজ শেষ করে টার্মিনালের একটি বয়লার সচল করা হয়। বর্তমানে ওই টার্মিনাল থেকে প্রতিদিন প্রায় ১১ কোটি ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। মহেশখালীর অপর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে আরও প্রায় ৫৫ কোটি ঘনফুট গ্যাস যুক্ত হওয়ায় সার্বিক সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে।

চট্টগ্রামে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) জানিয়েছে, আগের দিনের তুলনায় আজ বেশি পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে। ফলে পাইপলাইনের চাপ বৃদ্ধি পেয়েছে এবং ধীরে ধীরে সরবরাহ স্বাভাবিক অবস্থার দিকে এগোচ্ছে।

এরই মধ্যে নগরীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনেও দীর্ঘ যানজট ও অপেক্ষার দৃশ্য অনেকটাই কমে এসেছে। চালকেরা আগের তুলনায় কম সময়ে গ্যাস সংগ্রহ করতে পারছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২১ জুলাই মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর কারিগরি জটিলতার কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর ফলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিল্পকারখানা, সিএনজি স্টেশন এবং আবাসিক এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দেয়।

চট্টগ্রামে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৫ কোটি ঘনফুট হলেও গত কয়েক দিনে সরবরাহ নেমে এসেছিল ১৯–২০ কোটি ঘনফুটে, ফলে ব্যাপক ঘাটতি নিয়ে বিতরণ কার্যক্রম চালাতে হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, ক্ষতিগ্রস্ত টার্মিনালের একটি বয়লার চালু হওয়ায় বর্তমান সংকট অনেকটাই প্রশমিত হবে। আর পুরো টার্মিনাল সম্পূর্ণভাবে সচল হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আরও স্থিতিশীল ও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত