কালুরঘাট বেতারকেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী
দুই দিনের সফরে চট্টগ্রামে অবস্থান করছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। সফরের অংশ হিসেবে শনিবার (৮ আগস্ট) ঐতিহাসিক কালুরঘাট বেতারকেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।
শুক্রবার (৭ আগস্ট) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রতিমন্ত্রী। এ সময় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র এবং আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শাহীন আকতার, সিনিয়র প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মো. আব্দুল হালিম এবং আঞ্চলিক প্রকৌশলী মো. আসিফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী জানান, প্রতিমন্ত্রীর শনিবার কালুরঘাট বেতারকেন্দ্র পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
ঐতিহাসিক কালুরঘাট বেতারকেন্দ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে বিশেষভাবে সম্পৃক্ত। কেন্দ্রটি পরিদর্শনের মাধ্যমে এর বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রী অবহিত হবেন বলে জানা গেছে।
ইতি/
