চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অবকাঠামো, শিক্ষা কার্যক্রম ও গবেষণা সক্ষমতা সম্প্রসারণে প্রায় ৭২৭ কোটি ৪৮ লাখ টাকার দুটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প দুটির প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেও এখনো পরিকল্পনা কমিশনের অনুমোদন পাওয়া বাকি।
শনিবার (৮ আগস্ট) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় দেওয়া লিখিত বক্তব্যে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে টিএসসি কমপ্লেক্স নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৯ কোটি ৩৩ লাখ ৬৭ হাজার টাকা। অন্য প্রকল্পটির আওতায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত সম্প্রসারণের পাশাপাশি গবেষণার সক্ষমতা বাড়াতে প্রস্তাব করা হয়েছে প্রায় ৬৭৮ কোটি ১৪ লাখ ৫৪ হাজার টাকা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রকল্পের আওতায় একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একাডেমিক ভবন, গবেষণা পরিচালনা কমপ্লেক্স ও প্রশাসনিক ভবনের পাশাপাশি পানি শোধন ও সরবরাহব্যবস্থা এবং বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নের বিষয়ও রয়েছে।
কর্তৃপক্ষ বলছে, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামোগত সক্ষমতাও বাড়বে।
এখন প্রকল্প দুটির বাস্তবায়নের ক্ষেত্রে পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হলো পরিকল্পনা কমিশনের অনুমোদন।
ইতি/
