২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের দায় আন্দোলনকারীদের ওপর চাপানোর বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের একটি কথোপকথনের অডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।
সোমবার (১০ আগস্ট) সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানির সময় অডিওটি ট্রাইব্যুনালে দাখিল করা হয়।
প্রসিকিউশনের দাবি, কথোপকথনে জুলাই আন্দোলনে নিহতদের দায় আন্দোলনকারীদের ওপর চাপানো এবং বিএনপি-জামায়াতকে হত্যাকাণ্ডের জন্য দায়ী করার বিষয়ে আলোচনা হয়।
অডিওতে শেখ হাসিনার কণ্ঠে শোনা যায়, আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গুলিতে মৃত্যুর বিষয়টি অস্বীকার করে তাদের নিজেদের কর্মকাণ্ডের জন্য দায়ী করার কথা বলা হচ্ছে। এ সময় হাছান মাহমুদকে ওই বক্তব্য প্রচারের বিষয়ে সম্মতি জানাতে শোনা যায় বলে প্রসিকিউশন জানিয়েছে।
কথোপকথনের একপর্যায়ে শেখ হাসিনা তার বিরুদ্ধে ওঠা হত্যার অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি আন্দোলনকারীদেরই হত্যার জন্য দায়ী করার কথা বলেন। পরে বিএনপি-জামায়াত আন্দোলনের সুযোগ নিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও অভিযোগ করেন।
এ ছাড়া আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও কথোপকথনে উঠে আসে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে অডিওতে থাকা বক্তব্যের সত্যতা, কণ্ঠের পরিচয় ও প্রাসঙ্গিকতা নিয়ে আদালতের চূড়ান্ত মূল্যায়নই হবে গুরুত্বপূর্ণ। ট্রাইব্যুনালে অডিওটি উপস্থাপনের বিষয়টি মামলার বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইতি/
