ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। দুই দেশের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সম্পর্ককে আরও কার্যকর ও ইতিবাচক পর্যায়ে নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা চান ভারতীয় হাইকমিশনার।
এর আগে সোমবার (১০ আগস্ট) ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের কয়েকজন শীর্ষ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। বৈঠকগুলোতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে বিদ্যমান বিষয়গুলোর সমাধানের ওপর গুরুত্ব দেন। তার বক্তব্যে পারস্পরিক স্বার্থে সম্পর্ককে এগিয়ে নেওয়ার প্রত্যয়ের কথাও উঠে আসে।
এদিকে বৈঠক নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, আলোচনায় বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। একই সঙ্গে বাংলাদেশ আবারও শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধটি ভারত তাদের প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে।
দুই দেশের কূটনৈতিক তৎপরতার মধ্যেই ভারত-বাংলাদেশ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে নতুন করে আলোচনা সামনে এসেছে।
ইতি/
