, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

চুয়েটে দুই শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব এবং কম্পিউটার ও বিজ্ঞান কৌশল বিভাগের অর্ণব দত্ত। তাঁরা দুজনই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নামেন শান্ত ও অর্ণব। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যান। খবর পেয়ে সহপাঠী ও অন্যরা তাঁদের উদ্ধারের চেষ্টা করেন।

উদ্ধারের পর প্রথমে দুজনকে চুয়েটের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহার মৃত্যু হয়। ওই ঘটনার পর পুকুরটির নিরাপত্তা বাড়াতে চারপাশে বেষ্টনী দেওয়া ও পাড় সংস্কারের মতো বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একই পুকুরে অল্প সময়ের ব্যবধানে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়টির নিরাপত্তাব্যবস্থা ও পুকুর ব্যবহারের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত