, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 97%

মক্কা চুক্তিতে মিসরকে চায় না সৌদি

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে আপাতত অন্তর্ভুক্ত করতে চায় না রিয়াদ। তুরস্ক মিসরকে জোটে যুক্ত করার পক্ষে থাকলেও সৌদি আরব এতে সম্মতি দেয়নি বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে মিডল ইস্ট আই।

৭ আগস্ট মক্কায় স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

সৌদি সূত্রগুলোর দাবি, মিসরকে বাইরে রাখার পেছনে কায়রোর সঙ্গে রিয়াদের রাজনৈতিক ও কৌশলগত দূরত্ব অন্যতম কারণ। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সরকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সৌদির প্রত্যাশা অনুযায়ী সহযোগিতা করছে না বলে রিয়াদের অসন্তোষ রয়েছে।

বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিসরের ঘনিষ্ঠ সম্পর্ক সৌদির উদ্বেগ বাড়িয়েছে। ইয়েমেন, সুদান, সোমালিল্যান্ড ও ইথিওপিয়ার বাঁধসহ বিভিন্ন ইস্যুতে সৌদি-আমিরাতের মতপার্থক্যের মধ্যেও কায়রোর আবুধাবির সঙ্গে ঘনিষ্ঠতা রিয়াদকে ভাবিয়ে তুলেছে বলে সূত্রগুলো জানিয়েছে।

মিসরের সামরিক সক্ষমতাও সৌদি সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে দাবি করা হচ্ছে। নতুন নিরাপত্তা কাঠামোয় তুরস্কের উন্নত প্রতিরক্ষা শিল্প ও পাকিস্তানের সামরিক সক্ষমতাকে তুলনামূলকভাবে বেশি কার্যকর মনে করছে রিয়াদ।

তবে মিসরের জন্য জোটের দরজা পুরোপুরি বন্ধ হয়নি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, প্রয়োজনীয় বিষয়গুলো সমাধান হলে ভবিষ্যতে মিসর এই প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হতে পারে।

বিশ্লেষকদের মতে, মক্কা চুক্তি মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা সমীকরণেরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সৌদি আরব এখন আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার দিকে এগোচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত