কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৬৫ জনে দাঁড়িয়েছে। এখনো ৪৯৬ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকারী দলগুলোর অভিযান অব্যাহত রয়েছে।
দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা বুধবার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে বলেন, নিখোঁজদের সন্ধান করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার।
সোমবার স্থানীয় সময় সকালে দেশটির পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল চোকো বিভাগের সান হোসে দেল পালমার এলাকায়। শক্তিশালী কম্পনে কালি, পেরেইরা, মানিজালেস ও কিবদোসহ বিভিন্ন এলাকায় ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভূমিকম্পের পর ৭০টিরও বেশি পরাঘাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কয়েকটির মাত্রা ছিল ৪-এর বেশি। এসব পরাঘাতের কারণে ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
ধসে পড়া ভবনগুলোর নিচে জীবিতদের সন্ধানে ভারী যন্ত্রপাতির পাশাপাশি অন্যান্য উদ্ধার সরঞ্জাম ব্যবহার করছেন কর্মীরা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়ক ও যোগাযোগব্যবস্থা সচল করার কাজও চলছে।
দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতাও পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র প্রায় ১ কোটি ৫৫ লাখ ডলারের সহায়তার ঘোষণা দিয়েছে। মেক্সিকো ও এল সালভাদরও উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার উদ্যোগ নিয়েছে।
দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক দিনের মধ্যে এমন বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলাকে। দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম সমন্বয়ে সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইতি/
