খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুদ্ধ অং মারমা (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বিজিবি সেক্টর হাসপাতালের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুদ্ধ অং মারমা রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুদ্ধ অং মারমা গুইমারা বাজার থেকে মোটরসাইকেলে করে রামগড়ের দিকে যাচ্ছিলেন। জালিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তবে মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।
ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইতি/
