সড়কে ট্রাফিক আইন ভঙ্গ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ‘অটো ফাইন সিস্টেম’। মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে এ প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নতুন এই ব্যবস্থায় মহাসড়কে স্থাপিত এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করা হবে। শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট গাড়ির তথ্য সরাসরি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ডেটাবেজে পাঠানো হবে।
পরবর্তী সময়ে নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য জানিয়ে দেওয়া হবে। জরিমানার অর্থও নির্ধারিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসে পরিশোধের সুযোগ থাকবে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, এই প্রযুক্তির মূল লক্ষ্য মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার, সড়ক দুর্ঘটনা কমানো এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে দ্রুত ও স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করা। একই সঙ্গে বারবার আইন ভাঙলে বিদ্যমান বিধি অনুযায়ী গাড়ির নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।
এর আগে হাইওয়ে পুলিশ জানিয়েছিল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এআই ক্যামেরা স্থাপনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের গতিবিধি ও ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা হবে।
এদিকে, একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, এআই ক্যামেরা চালুর পর প্রথম তিন ঘণ্টায় ৩৭৯টি মামলা শনাক্ত হয়েছে। তবে এই সংখ্যার বিষয়ে সরকারি বা হাইওয়ে পুলিশের পৃথক নিশ্চিত বক্তব্য পাওয়া না যাওয়ায় বিষয়টি যাচাইসাপেক্ষ।
সংশ্লিষ্টদের মতে, মহাসড়কে প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যকরভাবে পরিচালিত হলে ট্রাফিক আইন প্রয়োগে স্বচ্ছতা বাড়ার পাশাপাশি চালকদের মধ্যে আইন মেনে চলার প্রবণতাও বাড়তে পারে।
ইতি/
