বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ে দালালির অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ আগস্ট) বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২-এর অভিযানে তাদের দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে দুই মাস এবং অপরজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের রহিম (৪৬) এবং একই ইউনিয়নের তৈয়বিয়া পাড়া এলাকার কায়সার আহমদ মুন্না (৩২)।
এদিকে নগরের বায়েজিদ লিংক রোড এলাকায় পৃথক সড়কবিরোধী অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ১২টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে একটি মোটরসাইকেল আটক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত-১২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা জানান, বিআরটিএ কার্যালয়ে দালালের মাধ্যমে সেবা নেওয়ার সুযোগ নেই। দালালচক্রের তৎপরতা বন্ধে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি সেবাগ্রহীতাদের দালালের ওপর নির্ভর না করে বিআরটিএর নির্ধারিত প্রক্রিয়ায় সরাসরি সেবা নেওয়ার আহ্বান জানান।
বিআরটিএর অনলাইন সার্ভিস পোর্টালের মাধ্যমেও ড্রাইভিং লাইসেন্স, নবায়নসহ বিভিন্ন সেবার জন্য আবেদন ও ফি পরিশোধের সুযোগ রয়েছে।
ইতি/
