, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 88%

বোয়ালখালীতে তীব্র বিদ্যুৎ সংকট

নিজস্ব প্রতিবেদক

ট্রান্সফরমার বিকল হয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার বাসিন্দারা। পরে বিকল্প ব্যবস্থায় সরবরাহ চালু হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার রাত ১২টার পর হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পর শনিবার দিনের বড় একটি সময়জুড়ে স্বাভাবিক সরবরাহ পাওয়া যায়নি। কোথাও কোথাও প্রায় দুই ঘণ্টা পরপর অল্প সময়ের জন্য বিদ্যুৎ এলেও তা স্থায়ী হয়নি। এতে গরমের মধ্যে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষকে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে।

বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে মোবাইল যোগাযোগ ও ইন্টারনেট সেবাতেও। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। চলমান এইচএসসি পরীক্ষায়ও বিদ্যুৎহীন ও গরম পরিবেশে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিদ্যুৎ সরবরাহের এই সংকটের পেছনে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (PGCB) নিয়ন্ত্রণাধীন টিকে সাবস্টেশনের একটি পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়াকে দায়ী করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার সচল বা প্রতিস্থাপনে সময় লাগতে পারে।

টিকে সাবস্টেশন থেকে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মাধ্যমে বোয়ালখালীতে দুটি ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ট্রান্সফরমার বিকল হওয়ার পর বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করা হলেও স্বাভাবিক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে বিভিন্ন এলাকায় তীব্র লোডশেডিং অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেপুটি জোনাল ম্যানেজার শ ম মিজানুর রহমান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার প্রতিস্থাপনের কাজ তদারকি করা হচ্ছে। পাশাপাশি বিকল্প ব্যবস্থায় সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, স্বাভাবিক সরবরাহ পুরোপুরি ফিরতে সময় লাগতে পারে। এতে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন বোয়ালখালীর বিপুলসংখ্যক গ্রাহক।

ইতি 

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত