পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে আয়োজিত ঐতিহ্যবাহী জশনে জুলুস নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। জুলুসের দিন নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে রোড ব্লক, যানবাহন ডাইভারশন ও পার্কিং ব্যবস্থার মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের নির্দেশনা অনুযায়ী, বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৬টা থেকে জুলুসে অংশগ্রহণকারীদের বহনকারী যানবাহনের জন্য বিভিন্ন পয়েন্টে নিয়ন্ত্রণ কার্যকর হবে। মূল জুলুস শুরু হলে পরিস্থিতি অনুযায়ী আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যান চলাচল বন্ধ বা নিয়ন্ত্রিত করা হবে।
সিএমপির তথ্য অনুযায়ী, জুলুসটি সকাল ৮টায় ষোলশহর এলাকার আলমগীর খানকা থেকে শুরু হয়ে বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট ও জিইসি মোড়সহ নগরের গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে অগ্রসর হবে। পরে নির্ধারিত পথ ধরে জুলুসের সমাপ্তি হবে।
যেসব এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ
ট্রাফিক উত্তর বিভাগের নির্দেশনায় বলা হয়েছে
১. মির্জারপুল:
পাঁচলাইশ থানামুখী সড়কের মির্জারপুল এলাকায় সকাল সাড়ে ৬টা থেকে রোড ব্লক করে যানবাহন ডাইভারশন করা হবে।
২. বিবিরহাট–হামজারবাগ:
বিবিরহাটের হামজার এলাকায় সকাল সাড়ে ৬টা থেকে রোড ব্লক করে যানবাহন অন্যদিকে সরিয়ে দেওয়া হবে।
৩. বহদ্দারহাট বাস টার্মিনাল:
সকাল সাড়ে ৬টা থেকে জুলুসে অংশগ্রহণকারীদের বহনকারী যানবাহনের জন্য পার্কিং ও ডাইভারশন ব্যবস্থা থাকবে।
৪. এন মোহাম্মদ ইউটার্ন:
সকাল সাড়ে ৬টা থেকে জুলুসের লোকজনবাহী যানবাহনে ডাইভারশন কার্যকর হবে। জুলুস শুরু হলে এ পয়েন্ট দিয়ে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
৫. এন মোহাম্মদ ফ্লাইওভারের উঠার মুখ:
মূল জুলুসের মিছিল শুরু হলে এ স্থানে রোড ব্লক করা হবে।
৬. প্রবর্তক মোড়:
জুলুসের মিছিল মুরাদপুরে পৌঁছানোর পর প্রবর্তক মোড় থেকে ষোলশহর ২ নম্বর গেটমুখী সড়কে যানবাহন ডাইভারশন করা হবে।
৭. গোলপাহাড় মোড়:
জুলুসের মিছিল ২ নম্বর গেটে পৌঁছালে গোলপাহাড় থেকে জিইসি ও পুনাকমুখী সড়কে যানবাহন ডাইভারশন করা হবে।
৮. অক্সিজেন মোড়:
সকাল সাড়ে ৬টা থেকে অক্সিজেন মোড়–বিবিরহাট সড়কে জুলুসের লোকজনবাহী যানবাহনের জন্য ডাইভারশন কার্যকর থাকবে।
৯. শেরশাহ মোড়:
সকাল সাড়ে ৬টা থেকে শেরশাহ মোড় দিয়ে ২ নম্বর গেটমুখী জুলুসের লোকজনবাহী যানবাহন ডাইভারশন করা হবে।
১০. বেবি সুপার মার্কেট:
জুলুসের মিছিল শুরু হলে ফ্লাইওভারে ওঠার মুখে রোড ব্লক করা হবে।
১১. বাটা র্যাম্প:
জুলুস শুরু হলে ফ্লাইওভারে ওঠার মুখে রোড ব্লক করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
১২. মুরগির ফার্ম:
মুরগির ফার্ম থেকে জিইসি অভিমুখী জুলুসের লোকজনবাহী যানবাহন ডাইভারশনের আওতায় থাকবে।
১৩. হাউজিং সেটেলমেন্ট গ্যাপ:
জুলুসের মিছিল ২ নম্বর গেটে পৌঁছানোর পর এ এলাকায় যানবাহন ডাইভারশন কার্যকর করা হবে।
লালখান বাজার–মুরাদপুর ফ্লাইওভার বন্ধ
জশনে জুলুস চলাকালে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভারেও যান চলাচল বন্ধ থাকবে। সিএমপির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, জুলুস চলমান থাকা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এ ছাড়া জুলুসকে কেন্দ্র করে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহন নিয়ন্ত্রণ ও বিকল্প পথে ডাইভারশনের ব্যবস্থা রাখা হয়েছে। সিএমপির পক্ষ থেকে চালক ও নগরবাসীকে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বিমানবন্দরগামী যাত্রীদের জন্য বিশেষ অনুরোধ
চান্দগাঁও আবাসিক এলাকা, বাকলিয়া আবাসিক এলাকা ও বায়েজিদ আবাসিক এলাকার যেসব যাত্রী বিমানবন্দরমুখী হবেন, তাদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিকল্প হিসেবে বায়েজিদ লিংক রোড ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
নগরবাসীকে সম্ভাব্য যানজট ও সড়ক নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনের অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।
সিএমপির সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী, ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে জুলুসের রুট ও আশপাশের সড়কে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার থাকবে।
ইতি/
