পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ৫৫তম জশনে জুলুস। বুধবার (২৬ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা সংলগ্ন এলাকা থেকে জুলুসটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
এবারের জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশিন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। তাঁর সঙ্গে রয়েছেন সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও শাহজাদা সৈয়দ মুহাম্মদ আকিব আহমেদ শাহ।
জুলুস শুরুর আগে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বিশেষ গাড়িতে করে আল্লামা সাবির শাহ জুলুসে যোগ দিলে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে শোভাযাত্রা এগিয়ে যায়। কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও দরুদের ধ্বনিতে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।
আয়োজকদের ভাষ্য, দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশ থেকে আসা অনুসারীদের অংশগ্রহণে এবারের জুলুসেও ব্যাপক জনসমাগম হয়েছে। নগরের বিভিন্ন সড়ক, ভবনের ছাদ ও ফুটপাতে দাঁড়িয়ে অনেক মানুষ জুলুসটি দেখছেন।
জুলুসের নির্ধারিত রুট অনুযায়ী, ষোলশহর থেকে এটি মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি, ওয়াসা, লালখান বাজার ও টাইগারপাস হয়ে আবার জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা মাঠে ফিরে যাওয়ার কথা রয়েছে।
জুলুসকে কেন্দ্র করে নগরের বিভিন্ন এলাকায় তোরণ, পতাকা, ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজসজ্জা করা হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পানি, শরবত ও খাবার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি জুলুসের শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আয়োজকদের স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করছেন।
আয়োজকরা জানিয়েছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ এবং তাঁর শান্তি, মানবতা ও সম্প্রীতির আদর্শ তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
জুলুসকে ঘিরে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলেও বিশেষ নিয়ন্ত্রণ রাখা হয়েছে।
ইতি/
