রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আবারও দ্রুত বাড়তে থাকায় উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে প্রাথমিকভাবে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হবে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে উজান থেকে হ্রদে পানির প্রবাহ বাড়তে থাকায় পানির উচ্চতাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ বা ইনফ্লো এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী গেট খোলার সময় পরিবর্তন হতে পারে। একই সঙ্গে পানির প্রবাহ বাড়লে পর্যায়ক্রমে জলকপাট আরও খুলে দেওয়া হতে পারে।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটও চালু রয়েছে। এসব ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি টারবাইনের মাধ্যমে হ্রদ থেকে বিপুল পরিমাণ পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। এর আগে ১৮ জুলাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছালে একইভাবে ১৬টি স্পিলওয়ে গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছিল।
এদিকে জলকপাট খোলার ফলে কর্ণফুলী নদীতে পানির প্রবাহ বাড়তে পারে। বিশেষ করে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে এর প্রভাব পড়ার আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইতি/
