, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 87%

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৪৯

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০২ জনে।

সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গুর দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ২ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে আরও ২ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে একজন ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্যও উল্লেখ করা হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত ২৮ আগস্ট পাহাড়তলী এলাকার বাসিন্দা জাফর আহমেদ (৫০) এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর কারণ হিসেবে ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম’ ও ‘মাল্টি-অর্গান ফেইলর’ উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে আগস্ট মাসে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে।

সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে চট্টগ্রামের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ১৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট ২ হাজার ৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে শুধু আগস্ট মাসেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন। ফলে আগের মাসগুলোর তুলনায় আগস্টে ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত