, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 88%

আগ্রাবাদে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে দুটি ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২ সেপ্টেম্বর) আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আশপাশের এলাকায় পৃথক অভিযান চালিয়ে ফার্মেসি দুটিকে জরিমানা করা হয়।

অভিযানে ইউনিক ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং একেএস ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এদিকে, গত ৩০ আগস্ট নগরের একটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানেও তদারকি অভিযান চালানো হয়। চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানটিতে পরিদর্শনের সময় মোড়কজাত পণ্যের প্যাকেটে প্যাকেটজাতকরণের তারিখ উল্লেখ না করার বিষয়টি ধরা পড়ে।

এ ছাড়া প্রতিষ্ঠানটির ‘ডোনা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ পণ্যের বিএসটিআই অনুমোদন না থাকা সত্ত্বেও পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার ওই জরিমানার অর্থ আদায় করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অনুমোদনহীন বা ভেজাল পণ্য ভোক্তার স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। তাই এসব পণ্যের বিরুদ্ধে নিয়মিত তদারকি চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, পণ্যের মান, মেয়াদ, মোড়কে প্রয়োজনীয় তথ্য এবং সংশ্লিষ্ট অনুমোদন যাচাই করা হচ্ছে। অভিযানে অনিয়ম পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী জরিমানা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত